Views Bangladesh Logo

পেলের পর সর্বকনিষ্ঠ মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড!

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী রাত্রেই ইতিহাসের পাতায় নাম লেখালেন মেক্সিকোর তরুণ ফুটবল সেনসেশন গিলবার্তো মোরা। মেক্সিকোর ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ৯৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এই ১৭ বছর বয়সী মিডফিল্ডার।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে এই মাইলফলক স্পর্শ করেন মোরা। ম্যাচের ৬৬ মিনিটে আলভারো ফিদালগোর পরিবর্তে যখন তিনি মাঠে নামেন, তখন তাঁর বয়স ছিল ঠিক ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে তিনি মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী রেকর্ডটি নিজের করে নেন। এর আগে ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে ১৮ বছর ৮৭ দিন বয়সে মেক্সিকোর হয়ে মাঠে নেমে এই রেকর্ড গড়েছিলেন ম্যানুয়েল রোসাস। দীর্ঘ ৯৬ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার ভেঙে দিলেন মোরা।

এই কীর্তির মাধ্যমে মোরা শুধু নিজের দেশের ইতিহাসই গড়েননি, বরং স্থান করে নিয়েছেন বিশ্বকাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের শীর্ষ তালিকায়। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে তিনি এখন ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার। ১৯৫৮ সালের বিশ্বকাপে যখন পেলের অভিষেক হয়েছিল, তখন তার বয়স ছিল ১৭ বছর ২৩৫ দিন। সেই হিসেবে সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের তালিকায় পেলের অবস্থান পঞ্চম।

বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ডটি এখনো উত্তর আয়ারল্যান্ডের নরম্যান হোয়াইটসাইডের দখলে, যিনি ১৯৮২ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তালিকায় মোরার ওপরে থাকা অন্য নামগুলো হলো স্যামুয়েল ইতো, ফেমি ওপাবুনমি এবং সলোমন ওলেম্বে।

তরুণ এই মিডফিল্ডারের রেকর্ড গড়ার গল্প অবশ্য এটাই প্রথম নয়। গত বছর মেক্সিকোর সিনিয়র জাতীয় দলের হয়ে মাত্র ১৬ বছর ২৫৭ দিন বয়সে অভিষেক ঘটিয়ে দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার গৌরবও অর্জন করেছিলেন গিলবার্তো মোরা। এবার বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়ে তিনি প্রমাণ করলেন, মেক্সিকান ফুটবলের ভবিষ্যৎ এক উজ্জ্বল তারকার হাতেই রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ