আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা
চলতি ফুটবল বিশ্বকাপে আলোচনার জন্ম দেওয়া ঘানার বিখ্যাত ওঝা নানা কোয়াকু বনসাম এবার ভবিষ্যদ্বাণী করেছেন, শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘কার্জ’ করার দাবি করেছিলেন বনসাম। ওই ম্যাচ গোলশূন্য ড্র হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা কেইন শুধু ঘানার বিপক্ষেই গোল করতে পারেননি। পরে বনসাম তাকে ‘মুক্ত’ করার ঘোষণা দেন, আর পরের ম্যাচে পানামার বিপক্ষে গোলও করেন কেইন।
আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এই ম্যাচ নিয়ে বনসামের দাবি, ‘কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিদায় করবে।’
তবে ইতিহাস কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা, আফ্রিকান কোনো দলের কাছে তাদের একমাত্র হার ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে। তবে কেপ ভার্দের সাম্প্রতিক ফর্ম এবং বনসামের এই ভবিষ্যদ্বাণী ঘিরে ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে গেছে।
মতামত দিন