রাতে মাঠে নামছে জার্মানি-আইভরি কোস্ট, প্রতিপক্ষকে সমীহ করছেন জার্মান কোচ
বিশ্বকাপে জার্মানির দুর্দান্ত সূচনার পর এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে থাকা চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা আজ (শনিবার) রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। তবে প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্ট হওয়ায় কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। গতিময় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে টুর্নামেন্টে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া তার দল।
‘গ্রুপ ই’ এর হাইভোল্টেজ ম্যাচটিতে বাংলাদেশ সময় রাত ২টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে জার্মানি।
ম্যাচ শুরু হওয়ার আগে টরন্টোতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন জার্মানির কোচ ট্যাকটিশিয়ান নাগেলসম্যান। আইভরি কোস্টের শক্তি ও গতিকে সমীহ করে তিনি বলেন, “ওদের রক্ষণভাগ বেশ জমাট। আর আক্রমণভাগের তিন ফুটবলারই ভীষণ গতিশীল। গত ম্যাচে ওদের ফরোয়ার্ড নিকোলাস পেপেকে কোনো ডিফেন্ডারই বোতলবন্দি করতে পারেনি, পুরো মাঠে তার দাপট ছিল চোখে পড়ার মতো।”
২০২৩ সালের আফ্রিকান নেশনস কাপ জয়ী আইভরি কোস্টের ফুটবলারদের শারীরিক শক্তিমত্তা এবং গতিশীলতা যে জার্মানির জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে, তা অকপটে স্বীকার করেছেন নাগেলসম্যান। সেই চ্যালেঞ্জ সামলাতে ছক কষেই মাঠে নামছে তার শিষ্যরা।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে পুঁচকে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিলেও দলের উইঙ্গার লেরয় সানের অফ-ফর্ম নিয়ে ফুটবল মহলে চলছে আলোচনা। তুর্কি ক্লাব গ্যালাতাসারের হয়ে খেলা এই তারকার পাশে অবশ্য শক্তভাবেই দাঁড়িয়েছেন কোচ। সানের ওপর পূর্ণ আস্থা রেখে নাগেলসম্যান বলেন, “আমার মনে হয় না এসব সমালোচনায় তার আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলবে। তার জন্য স্রেফ একটা ভালো ম্যাচই যথেষ্ট। আমরা আশা করছি পরবর্তী ম্যাচটিই হবে সেই ভালো ম্যাচ।’
মতামত দিন