পঞ্চম শিরোপাই যেন একমাত্র লক্ষ্য জার্মানির
ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ও ধারাবাহিক শক্তিশালী দলগুলোর একটি হলো জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি দীর্ঘদিন ধরে নিজেদের শৃঙ্খলা, কৌশলগত খেলা এবং দলগত শক্তির জন্য বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি তৈরি করেছে। তারা সবসময়ই বড় টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য পরিচিত, যেখানে তারা চাপের মুহূর্তেও স্থির ও কার্যকর পারফরম্যান্স উপহার দেয়। ফিফা বিশ্বকাপে জার্মানি শুধু একটি দল নয় বরং এক ঐতিহ্য, ধারাবাহিকতা এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ২০২৬ সালের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, জার্মানি দশম অবস্থানে রয়েছে।
বিশ্বকাপে অতীত রেকর্ড ও অংশগ্রহণ
জার্মানি ফুটবল বিশ্বকাপের অন্যতম সফল দল, যারা ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালে মোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি, তারা ১৯৫৪ সাল থেকে প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে এবং বহুবার সেমিফাইনাল বা ফাইনালে উঠেছে। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর, জার্মানি ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে হতাশাজনক রেকর্ড গড়ে।
শক্তিমত্তা
ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানির শক্তিমত্তা মূলত ধারাবাহিকতা, দলীয় শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তার ওপর প্রতিষ্ঠিত। জার্মানি চারবার ফিফা বিশ্বকাপ জিতেছে এবং চারবার আনার্সআপ হয়েছে। এছাড়া তিনবার ইউরো জিতেছে। বিশ্বকাপের ইতিহাসে তারা প্রথম দল হিসেবে ১০০টি ম্যাচ খেলার গৌরব অর্জন করেছে এবং সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তাদের ঝুলিতে। জার্মানরা অত্যন্ত সুশৃঙ্খল, পরিশ্রমী এবং শারীরিক শক্তি-নির্ভর ফুটবল খেলে।
দুর্বলতা
ফুটবল বিশ্বে জার্মানি একটি পরাশক্তি হলেও, সাম্প্রতিক বছরগুলোতে (২০১৮ পরবর্তী সময়) তাদের বেশ কিছু দুর্বলতা ফুটে উঠেছে। আক্রমণে আধিপত্য বিস্তার করলেও, শেষ মুহূর্তে গোল করার লোকের অভাবে তারা অনেক ম্যাচে ভুগছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে জার্মান রক্ষণভাগ প্রতিপক্ষের আক্রমণে সহজেই ভেঙে পড়তে দেখা গেছে। আক্রমণাত্মক খেলতে গিয়ে অনেক সময় মাঝমাঠ খালি হয়ে যায়, ফলে প্রতিপক্ষ কাউন্টার-অ্যাটাক থেকে সহজেই গোল পেয়ে যায়।
গুরুত্বপূর্ণ খেলোয়াড়
জার্মানির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে আক্রমণভাগে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ এবং কাই হাভার্টজ অন্যতম। এছাড়া অধিনায়ক ও রাইট-ব্যাক জশুয়া কিমিচ, রক্ষণভাগে আন্তোনিও রুডিগার ও জোনাথান তাহ এবং গোলরক্ষক হিসেবে অলিভার বাউমান বা মার্ক-আন্দ্রে টের স্টেগেন মূল ভূমিকা পালন করবেন। জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখ, উইর্টজ লিভারপুল, হাভার্টজ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলেন।
গ্রুপ প্রতিপক্ষ
২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানি গ্রুপ ‘ই’-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হলো: আইভরি কোস্ট, ইকুয়েডর, এবং কুরাসাও। জুলিওন নাগেলসম্যানের কোচিংয়ে জার্মানি এই গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার লড়াই করবে। ২০১৮ এবং ২০২২ সালের ব্যর্থতার মুছে ফেলে জার্মানি এবার গ্রুপ পর্ব পার হয়ে শিরোপার রেসে থাকবে বলেই মনে করা হচ্চে।
এবারের বিশ্বকাপে সম্ভাবনা
২০২৬ বিশ্বকাপে জার্মানির জয়ের সম্ভাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে; যদিও তারা অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত। সাম্প্রতিক ফর্ম অনুযায়ী, ফেভারিটদের তালিকায় তাদের অবস্থান বেশ পরে। বিভিন্ন বাজি ধরার সাইট অনুযায়ী, জার্মানি শিরোপা জয়ের দৌড়ে শীর্ষ ৫ বা ৬-এর মধ্যে রয়েছে। তাদের জয়ের সম্ভাবনা ৭% থেকে ১৪% এর মত- যা স্পেন, ফ্রান্স বা ইংল্যান্ডের চেয়ে কম। তবুও শিরোপার জন্য জার্মানদের বুক চিতিয়ে লড়াই করা দৃশ্য এবারও মাঠে দেখতে পাবে কোটি ভক্ত ও দর্শক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে