Views Bangladesh Logo

প্রখ্যাত জার্মান দার্শনিক জুর্গেন হাবারমাস মারা গেছেন

যুদ্ধোত্তর জার্মানির অন্যতম প্রভাবশালী দার্শনিক ও জনবুদ্ধিজীবী জুর্গেন হাবারমাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। শনিবার (১৪ মার্চ) তার প্রকাশনা সংস্থা ‘সুহরক্যাম্প’ এ তথ্য জানিয়েছে।

১৯২৯ সালের জুনে জার্মানির ডুসেলডর্ফে জন্মগ্রহণ করেন হাবারমাস। তার বাবা স্থানীয় চেম্বার অব কমার্সের প্রধান ছিলেন এবং ১৯৩৩ সালে নাৎসি পার্টিতে যোগ দেন। শৈশবে হাবারমাসকে হিটলার ইয়ুথ সংগঠনে অন্তর্ভুক্ত করা হলেও বয়স কম থাকায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেননি।

যুদ্ধ শেষে তিনি দর্শনে পড়াশোনা করেন এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পরে ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ’-এ যোগ দেন। ১৯৬০-এর দশকে ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে দর্শন ও সমাজবিজ্ঞান পড়ানো শুরু করেন এবং সে সময় পশ্চিম জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।

হাবারমাস ছিলেন “ফ্রাঙ্কফুর্ট স্কুল”-এর অন্যতম প্রধান চিন্তাবিদ। ম্যাক্স হর্কহাইমার ও থিওডর অ্যাডোর্নোর সঙ্গে তিনি এই ধারার গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে পরিচিতি পান। ফ্রাঙ্কফুর্ট স্কুল মূলত ‘ক্রিটিক্যাল থিওরি’র জন্য পরিচিত, যেখানে বলা হয়—পুঁজিবাদী সমাজ মানুষকে মুক্ত করার বদলে সক্রিয় নাগরিকদের নিষ্ক্রিয় ভোক্তায় পরিণত করে।

গণমাধ্যম ও বিনোদন শিল্পের বাণিজ্যিকীকরণেরও সমালোচনা করেছিলেন হাবারমাস। তার মতে, গণউৎপাদিত সংস্কৃতি সমালোচনামূলক জনআলোচনাকে দুর্বল করে দেয়।

১৯৮০-এর দশকে হলোকাস্ট নিয়ে রক্ষণশীল ইতিহাসবিদদের সঙ্গে এক তীব্র বিতর্কে অংশ নেন তিনি। সেখানে কিছু ইতিহাসবিদ হলোকাস্টকে কেবল জার্মানির একটি বিশেষ ঘটনা হিসেবে দেখার প্রশ্ন তুলেছিলেন।

১৯৮৯-৯০ সালে পূর্ব জার্মানিকে দ্রুত পশ্চিম জার্মানির সঙ্গে একীভূত করার সমালোচনা করেন হাবারমাস। তিনি আশঙ্কা করেছিলেন, এতে জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটতে পারে; তাই তিনি ধীরগতির প্রক্রিয়ার পক্ষে মত দেন।

১৯৯০-এর দশকে তিনি একটি ঐক্যবদ্ধ ইউরোপের পক্ষে জোরালো অবস্থান নেন। তার মতে, জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বিতার পুনরুত্থান ঠেকাতে এটিই সবচেয়ে কার্যকর উপায়।

১৯৮১ সালে প্রকাশিত তাঁর সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ “দ্য থিওরি অব কমিউনিকেটিভ অ্যাকশন”-এ তিনি বলেন, মানবসমাজ কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক শক্তির ওপর নয়, বরং যুক্তিনির্ভর সংলাপের ওপর টিকে থাকে।

হাবারমাস জন্মগতভাবে ঠোঁট ও তালু কাটা (ক্লেফট প্যালেট) সমস্যায় ভুগছিলেন এবং শৈশবে এ কারণে তাঁকে একাধিক অস্ত্রোপচার করাতে হয়। পরে তিনি বলেন, এই অভিজ্ঞতা ভাষা ও যোগাযোগ নিয়ে তাঁর চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ