ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে আবারও জোরদার হচ্ছে জেন-জি প্রজন্মের সরকারবিরোধী আন্দোলন। রাজধানী তেহরান-এ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন সাধারণ মানুষ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার আন্দোলন শুরু করে তরুণ প্রজন্মের একটি অংশ। এর পাল্টা হিসেবে ক্ষমতাসীন সরকারের সমর্থক তরুণ-তরুণীরাও মিছিল-সমাবেশ আয়োজন করে।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভি-এর আমলের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিছু স্লোগানে দেশে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিও তোলা হয়েছে।
একাধিক মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি তীব্র চাপে রয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী ও দোকানমালিকদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে তা দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমদিকে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। পরবর্তীতে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কড়া অবস্থান নেন।
পরমাণু কর্মসূচি ঘিরে গত ৬ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিও জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে