Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুলের ভোট নিয়ে কৌতূহল

দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দুই প্রার্থী মাঠে থাকলেও সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট কোন দিকে যাচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম এখন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে তিনি কোন প্রার্থীকে সমর্থন করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। এমনকি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি না, সেটিও নিশ্চিত করেননি তিনি।

নিজের অবস্থান সম্পর্কে গাজী নজরুল ইসলাম জানান, দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তার। তবে কাকে ভোট দেবেন বা আদৌ ভোট দিতে যাবেন কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের অবস্থান শক্তিশালী হলেও স্বতন্ত্র আট সংসদ সদস্যের ভোটকে ঘিরে আলাদা হিসাব রয়েছে।

জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে দলীয় সংসদ সদস্যরা সাধারণত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রাখেন। ইতোমধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র এমপিদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল ৫টা পর্যন্ত তা বিরতিহীনভাবে চলবে। সংসদ সদস্যরা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন। ভোট শেষে গণনা করে ফল ঘোষণা করা হবে। ফলে গাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত ভোটকক্ষে যান কি না এবং গেলে কোন প্রার্থীর পক্ষে তার ভোট পড়ে, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ