গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়াল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৬ হাজার ৫০০ ছাড়িয়ে গেল। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৩৭ জনে পৌঁছেছে বলে শনিবার এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩২ জন নিহত হয়েছেন। ২০২৩ সাল থেকে চলমান হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৫৭১ জন ব্যক্তি আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, ইসরায়েলি আগ্রাসনের কারণে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ১০ হাজারেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এ ছাড়াও গাজাজুড়ে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হন।
মতামত দিন