মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় থাকবে না ৮ ঘণ্টা গ্যাস
ঢাকার বেশ কয়েকটি এলাকায় পুরনো ও লিক হওয়া পাইপলাইন সংস্কার ও জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকার পুরনো ডিস্ট্রিবিউশন ও সার্ভিস পাইপলাইন পরিবর্তনের কাজ চালানো হবে। এর ফলে ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমীন রোড এবং কাঁঠালবাগান এলাকা ও এর আশেপাশের সকল আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময় এসব এলাকাগুলোর সংলগ্ন আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়।
মতামত দিন