রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
রাজধানীর উত্তরখান ও মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট পৃথক দুই দুর্ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসায় রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য—আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং মেয়ে আঁখি দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
দগ্ধ আলী হোসেনের ছেলে রাতুল হাসান তুষার জানান, চিকিৎসকরা তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এদিকে শনিবার ভোরে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিন যুবক দগ্ধ হন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দগ্ধরা হলেন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। তাদের মধ্যে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে