তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের
কাঁচাবাজার করতে বের হয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন মো. হাসান তালুকদার (৪৮) নামের এক পোশাকশ্রমিক। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তুরাগের নলভোগ কবরস্থানসংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত হাসান পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামের আবদুস সোবাহান তালুকদারের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় অ্যাকসেসরিজ লেবেল অপারেটর হিসেবে কাজ করতেন।
জানা গেছে, নলভোগ এলাকার একটি মেসে থাকতেন হাসান তালুকদার।
এ বিষয়ে হাসানের রুমমেট আকরাম হোসেন সংবাদমাধ্যমকে জানান, গতকাল রাত ৮টার দিকে হাসান কাঁচাবাজার করতে মেস থেকে বেরিয়েছিলেন। নলভোগ কবরস্থানসংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তুরাগ থানাকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন