সৌদির নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ অংশ নেওয়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিন্দা
সৌদি আরবের নেতৃত্বে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
সোমবার বিকেলে জোটের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনের সই করা এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। এ জোট গঠনের বৈঠকে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও ৪৩টি দেশ অংশ নেয় এবং অধিকাংশ দেশ এতে যোগ দিতে সম্মত হয়নি।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের দাবি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিরোধপূর্ণ পক্ষের মধ্যে কোনো এক পক্ষের নেতৃত্বাধীন সামরিক জোটে যুক্ত হওয়া বাংলাদেশের নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে এতে অপ্রয়োজনীয় সামরিক ব্যয়ও বাড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, এ জোটে অংশ নেওয়ার ফলে ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ হুতিদের মতো সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
বামপন্থী নেতারা অভিযোগ করেন, মার্কিন সমর্থিত এ সহযোগী জোটে অংশগ্রহণ ইরান ও ফিলিস্তিনের জনগণের সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল এবং এটি বাংলাদেশের দীর্ঘদিনের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাঁরা বলেন, দেশে নির্বাচিত সংসদ ও সরকার থাকা সত্ত্বেও এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সংসদে বা বিশেষজ্ঞ পর্যায়ে কোনো আলোচনা হয়নি, যা গণতান্ত্রিক রীতি-নীতির পরিপন্থী।
বিবৃতিতে সরকারের প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন ১৪ দেশের বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট থেকে অবিলম্বে সরে আসার দাবি জানানো হয়।
বিবৃতিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা সই করেন।
মতামত দিন