মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মা-বোনদের নিয়ে কটু কথা বলে নয়, বরং তাদের সম্মান করলেই বেহেশত পাওয়া সম্ভব। তিনি বলেন, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর মাদ্রাসা ও ঈদগাঁ মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী একটি দলের প্রধান মা-বোনদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন, যা অনভিপ্রেত।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজ ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় নয়। তিনি অভিযোগ করেন, নতুন একটি দল নির্বাচনে অংশ নিতে এসেছে, যারা আগে তাদের সঙ্গেই ছিল। রাজনীতি করতে চাইলে মিথ্যা কথা না বলা, গিবত না করা এবং অযথা ব্যক্তিগত সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত ইসলামী দলটার প্রার্থী নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু দলটা নিয়ে আমার কথা আছে। আপনারা দয়া করে মিথ্যা অপপ্রচার বন্ধ করুন।’
ভোটারদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ‘এ দলটা ভোটের জন্য আপনাদের কাছে আসছে, আসতেই পারে। কিন্তু আপনারা তাদের অপপ্রচারে সতর্ক থাকবেন। তারা বলে জামায়াত ইসলামকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন ৬০ লাখ মানুষের নামে মিথ্যা মামলা। ২০ হাজার নেতাকর্মী খুন, ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে। আল্লাহর রহমতে আন্দোলন হয়েছে। আন্দোলনের শেষ মুহূর্তে আগস্টের ৫ তারিখে আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। এখন যে সরকার আসছে তারও প্রায় দেড় বছর হয়ে গেল। তারা একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। সেই নির্বাচন আগামী ১২ তারিখে, ঠিক সাতদিন পরে। আপনারা অনেকদিন পরে একটা সুষ্ঠু ভোট দিতে পারবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন। এটাই ভোট। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমাদের ভোটগুলোও তারা দিয়েছে। এবার ভালো ভোট হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি, এবার সুষ্ঠু ও অবাধ পরিবেশে একটা নির্বাচন করার সুযোগ পাব।’
পথসভায় মির্জা ফখরুল ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে এক ভোটার তাকে একটি মাটির ব্যাংক উপহার দেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে