Views Bangladesh Logo

ব্রাজিল-নরওয়ে ম্যাচে সবার নজর গ্যাব্রিয়েল-হালান্ড দ্বৈরথে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ের ম্যাচ। তবে দলগত লড়াইয়ের পাশাপাশি সবার নজর থাকবে দুই তারকা ফুটবলার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও এরলিং হালান্ডের ব্যক্তিগত দ্বৈরথে। প্রিমিয়ার লিগে শুরু হওয়া এই উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবার বিশ্বকাপের মঞ্চে নতুন মাত্রা পেতে যাচ্ছে।

বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, এবারের বিশ্বকাপে ব্যক্তিগত লড়াইয়ের মধ্যে এটিই সবচেয়ে বড়। তার ভাষায়, ‘এই দ্বৈরথ ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলবে। তাদের সম্পর্কের তিক্ততাই এই লড়াইকে আরও বিশেষ করে তুলেছে।’

গ্যাব্রিয়েল ও হালান্ডের বিরোধের শুরু ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর। সেদিন ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ২-২ ড্র ম্যাচে গোল করার পর হালান্ড বল ছুড়ে মারেন গ্যাব্রিয়েলের মাথায়। পরে বিভিন্ন ম্যাচে দুজনই একে অপরকে উসকানিমূলক আচরণের মাধ্যমে জবাব দেন।

চলতি বছরের এপ্রিলে সিটির বিপক্ষে এক ম্যাচে হালান্ডকে হেডবাট দেওয়ার চেষ্টার অভিযোগে লাল কার্ডের ঝুঁকিতে পড়েছিলেন গ্যাব্রিয়েল। ম্যাচ শেষে ক্যামেরার সামনে ‘গুড ফিলিং’ গান গেয়ে উদ্‌যাপন করেন হালান্ড। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আর্সেনালের ৫-১ গোলের জয়ের ম্যাচে গোল করে হালান্ডের মুখের সামনে চিৎকার করে সেই ঘটনার জবাব দেন গ্যাব্রিয়েল। পরে মে মাসে ২৪ বছর পর আর্সেনাল প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর ট্রফি হাতে নিজের ছবির সঙ্গে হালান্ডের উদ্‌যাপনের সেই গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তিনি।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার বলেন, এ ম্যাচে দারুণ এক লড়াই হবে। দুজনের মধ্যে যে উত্তেজনা রয়েছে, তা স্পষ্ট। তারা একে অপরকে পছন্দ করে না, আর সেটাই স্বাভাবিক। প্রতিপক্ষকে ভালোবাসতেই হবে, এমন কোনো নিয়ম নেই।

ক্রিস সাটনের মতে, এই দ্বৈরথে যে এগিয়ে থাকবে, তার দলই কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বড় সুবিধা পাবে। তিনি বলেন, নরওয়ের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ব্রাজিলের ডাগআউটে আছেন কার্লো আনচেলত্তি, যিনি বড় ম্যাচ জেতার কৌশল জানেন। তাই সামান্য হলেও ব্রাজিলকে এগিয়ে রাখছেন তিনি।

ক্লাব ফুটবলে গ্যাব্রিয়েলের বিপক্ষে ১১ ম্যাচে ৬টি গোল করেছেন হালান্ড। এই ম্যাচগুলোর মধ্যে নরওয়েজিয়ান স্ট্রাইকারের দল জিতেছে পাঁচটি, গ্যাব্রিয়েলের দল দুটি এবং চারটি ম্যাচ ড্র হয়েছে।

এবারের বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছেন হালান্ড। পাঁচ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি সমানে টক্কর দিচ্ছেন হ্যারি কেইনকে। তাদের দুজনেরই গোল পাঁচটি। তবে সাত গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

অন্যদিকে ব্রাজিলের রক্ষণভাগের মূল ভরসা গ্যাব্রিয়েল। কার্লো আনচেলত্তির অধীনে নান্দনিকতার চেয়ে কার্যকর ফুটবল খেলেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে শেষ পর্যন্ত গ্যাব্রিয়েল-হালান্ডের লড়াইই ব্রাজিল-নরওয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ