Views Bangladesh Logo

ফ্রান্সে আজ শুরু হচ্ছে জি-৭ সম্মেলন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের প্রাথমিক সমঝোতার ঘোষণার পর সোমবার (১৫ জুন) ফ্রান্সে শুরু হয়েছে জি-৭ শীর্ষ সম্মেলন। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই সম্মেলনে ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা।

সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে পৌঁছানোর কথা রয়েছে। তিনি সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

জি-৭ নেতারা যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার বিস্তারিত বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা থাকলেও চুক্তির পূর্ণ শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি শুক্রবার থেকে পুনরায় খুলে দেওয়া হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের কথাও তিনি উল্লেখ করেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বরাতে জানা গেছে, সোমবার রাত থেকে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ৬০ দিনের যুদ্ধবিরতির সময় নিষেধাজ্ঞা শিথিলসহ বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য এবারের জি-৭ সম্মেলন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা মোকাবিলার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে ব্রাজিল, ভারত, কেনিয়া ও দক্ষিণ কোরিয়াকেও আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ