নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
নাইজেরিয়ায় উল্টে যাওয়া জ্বালানিবাহী একটি ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনায় ৭০ জন নিহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১৮ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এ ঘটনাটি ঘটে।
নাইজেরিয়ার নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়াম বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাংকারটি উল্টে যায়। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রল ছিল। দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন।
কুমার সুকওয়াম বলেন, নিহত বেশির ভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তারা।
ট্যাংকার বিস্ফোরণের ঘটনার পর এক বিবৃতিতে নাইজারের গভর্নর উমারু বাগো বলেছেন, বিস্ফোরণটি ছিল ‘উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক’।
উল্লেখ্য, নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।
মতামত দিন