ঈদের ছুটিতেও তেলের জন্য দীর্ঘ লাইনে নগরবাসী
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটির মাঝেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল কিনতে ভোগান্তি কমেনি। সরবরাহ স্বাভাবিক থাকার দাবির পরও অনেক পাম্পে দীর্ঘ লাইন, বিলম্বিত বিতরণ ও অনিশ্চয়তার কারণে চালকরা ভোর থেকেই অপেক্ষা করছেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর, মালিবাগ, মোহাম্মদপুর ও কাকলী এলাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও লাইনের শেষ প্রান্ত মূল সড়ক ছাড়িয়ে পাশের সড়ক পর্যন্ত গিয়েছিল। এতে শুধু চালকদের ভোগান্তি নয়, আশপাশের সড়কেও যান চলাচল ধীরগতিতে চলছে।
উত্তরার একটি পাম্পে তেল সরবরাহ শুরু হলেও চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক রিয়াজ উদ্দিন জানান, 'এখনও তেল পাইনি। মাঝে মাঝে সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ছে।'
মালিবাগ মোড়ের পাম্পে অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল চালক তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন, কেউ কেউ ইঞ্জিন বন্ধ করে রোদে অপেক্ষা করছেন। নাঈম হাসান নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, 'ছুটির দিনে স্বস্তিতে চলাফেরা করতে চেয়েছিলাম, কিন্তু তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় চলে যাচ্ছে।'
মোহাম্মদপুরে ডিজেল থাকলেও অকটেন ও পেট্রোলের অভাবে অনেক চালক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কাকলী মোড়ের পাম্পে সকালে কিছু সময় তেল বিক্রি বন্ধ রাখা হয়, কারণ রাতের মজুত শেষ হয়ে গিয়েছিল। নতুন চালান আসলেও দীর্ঘ লাইনের কারণে স্বাভাবিক হতে সময় লাগে। পাম্পের এক কর্মকর্তা বলেন, একসঙ্গে অনেক গাড়ি আসায় চাপ সামলানো কঠিন হয়ে যায়।
চালকরা অভিযোগ করেছেন, শুধু লাইনে দাঁড়িয়ে থাকা নয়, কখন তেল পাওয়া যাবে তার অনিশ্চয়তাও বড় সমস্যা। অনেকেই লাইনে থেকেও শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে গেছেন।
তবে পাম্প মালিক ও কর্মীরা বলছেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। ঈদে একসঙ্গে বেশি গাড়ি বের হওয়ায় চাহিদা বেড়ে গেছে এবং সরবরাহের সময়মতো পৌঁছানো না হওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেশনিং তুলে নেওয়ার পর জমে থাকা চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে চাপ বেশি হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও মাঠ পর্যায়ে সমন্বয় ঘাটতি ভোগান্তি বাড়িয়েছে।
একদিকে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা থাকলেও, অন্যদিকে মাঠ পর্যায়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোসহ ভোগান্তি এখনও নগরবাসীর স্বস্তি ফিরতে দিচ্ছে না। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ওঠানামা ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, আমদানিতে বিলম্ব ও স্পট মার্কেটের অস্থিরতা—সব মিলিয়ে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে। রেশনিং উঠে যাওয়ায় জমে থাকা চাহিদা এবং ঈদে যানবাহনের চলাচল বৃদ্ধি পাম্পগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে