র্যাপার থেকে প্রধানমন্ত্রী, নেপালে শপথ নিলেন বালেন্দ্র শাহ
র্যাপার থেকে রাজনীতিতে এসে ইতিহাস গড়লেন বালেন্দ্র শাহ। তিনি এখন আনুষ্ঠানিকভাবে নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে বালেন্দ্র শাহের উপস্থিতিও ছিল কিছুটা ভিন্নধর্মী—তার পরনে ছিল জ্যাকেট-ট্রাউজার্স, মাথায় ঐতিহ্যবাহী কালো নেপালি টুপি এবং চোখে সানগ্লাস—যা তার ব্যতিক্রমী ব্যক্তিত্বেরই প্রতিফলন।
মাত্র ৩৫ বছর বয়সী এই নেতা এর আগে কাঠমান্ডুর মেয়র ছিলেন। তিনি গত কয়েক দশকের মধ্যে নেপালের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং মাধেসি নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রথম প্রধানমন্ত্রী।
গত ৫ মার্চের নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ আসনের সংসদে ১৮২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
এখন তার সামনে বড় চ্যালেঞ্জ—রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশকে স্থিতিশীল করা, দুর্নীতি দমন এবং নতুন কর্মসংস্থান তৈরি করা। বিশেষ করে তরুণদের বেকারত্ব ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট মোকাবিলা তার সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, জনগণ খুব দ্রুতই নতুন সরকারের কার্যক্রমের ফল দেখতে চায়। তাই দায়িত্ব নেওয়ার পরপরই বালেন্দ্র শাহের জন্য কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে