‘ছোট’ বয়সে বড় স্বপ্ন, ব্র্যান্ড জগতে নিজেকে প্রমাণ করছেন ফারিহা
পরিবারে সবাই চিকিৎসক হলেও ছোটবেলা থেকেই ফ্যাশনের দিকে মন চলে যায় রংপুরের মেয়ে ফারিহা জামানের। সেই আগ্রহ থেকেই পড়াশোনার পথ বদলে নেন।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে অনার্স করছেন। স্বপ্ন ছিল নিজের একটি ফ্যাশন হাউস গড়ার। তবে পড়াশোনার মাঝেই অপ্রত্যাশিতভাবে পা পড়ে ব্র্যান্ড প্রমোশনের জগতে।
ফারিহা জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক বন্ধুর পারিবারিক ফ্যাশন হাউসের জন্য প্রথম ফটোশুট করেন। ছবিগুলো বেশ সাড়া ফেলে। সেখান থেকেই শুরু হয় তার পথচলা। সেই ব্র্যান্ডের মাধ্যমেই প্রথম আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তিনি।
তার মতে, একজন ব্র্যান্ড প্রমোটারের প্রধান দায়িত্ব হলো ব্র্যান্ডের বার্তাকে সঠিকভাবে উপস্থাপন করা এবং অডিয়েন্সের সঙ্গে বিশ্বাস তৈরি করা। কনটেন্ট হতে হবে আকর্ষণীয়, কিন্তু একই সঙ্গে সত্যনিষ্ঠ। প্রথম বড় ক্যাম্পেইনের অভিজ্ঞতা ছিল উত্তেজনা আর শঙ্কায় মিশ্রিত। তবে কাজ শেষ হওয়ার পর ইতিবাচক সাড়া তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।
নারী হিসেবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান ফারিহা। কখনো অবমূল্যায়ন, কখনো অনাকাঙ্ক্ষিত মন্তব্য। তবে আত্মবিশ্বাস ও পেশাদার মনোভাব দিয়ে তিনি সেগুলো সামলে নিয়েছেন। সমালোচনাকে তিনি শেখার সুযোগ হিসেবে দেখেন, গঠনমূলক মন্তব্য গ্রহণ করেন, অযথা নেতিবাচকতা এড়িয়ে চলেন।
আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার স্বপ্ন রয়েছে। পাশাপাশি নিজস্ব একটি ব্র্যান্ড বা উদ্যোগ শুরু করার পরিকল্পনাও আছে, যা তার ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গিকে তুলে ধরবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে