স্বপ্ন থেকে পেশা, মেকআপ দুনিয়ায় এগোচ্ছেন নাহিদ আহমেদ
শৈশবের স্বপ্নকে পেশায় রূপ দেওয়ার পথে এগিয়ে চলেছেন মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ। খুব অল্প বয়স থেকেই সাজগোজ ও মেকআপের জগত তাকে আকৃষ্ট করত। যেখানে অনেকেই এটিকে নিছক শখ হিসেবে দেখেছেন, নাহিদ সেখানে নিজের ভবিষ্যৎ দেখেছেন। আগ্রহ, অধ্যবসায় ও নিয়মিত চর্চার মাধ্যমে ধীরে ধীরে তিনি গড়ে তুলেছেন নিজের পরিচিতি।
নাহিদ আহমেদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর এলাকায়। জন্ম মালয়েশিয়ায় হলেও শৈশব থেকেই তিনি ঢাকায় বড় হয়েছেন। তার বাবা ব্যবসার কাজে মালয়েশিয়ায় অবস্থান করেন। তিন ভাই–বোনের মধ্যে নাহিদ মেজো; পরিবারে রয়েছেন দুই ভাই ও এক বোন।
মেকআপ আর্টিস্ট হিসেবে পথচলা মোটেও সহজ ছিল না। শুরুতে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও আগ্রহ ও নিরলস অনুশীলন তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন লুক ও স্টাইল নিয়ে কাজ করে তিনি নিজের দক্ষতা বাড়িয়েছেন। বর্তমানে নিয়মিত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন নাহিদ এবং তার কাজ ইতোমধ্যেই পরিচিতি পেতে শুরু করেছে।
নিজের পেশাগত মান উন্নয়নে নাহিদ মেকআপের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। পাশাপাশি অর্জন করেছেন একাধিক সার্টিফিকেট। এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে আরও প্রশিক্ষণ নেওয়া, নতুন নতুন টেকনিক শেখা এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জনের পরিকল্পনা রয়েছে তার। নিজের কাজের মাধ্যমে মেকআপ জগতে ভালো অবস্থানে পৌঁছানোই তার লক্ষ্য।
নাহিদ আহমেদ বলেন, ছোটবেলা থেকেই মেকআপ নিয়ে কাজ করার স্বপ্ন ছিল। এখন সবার দোয়া ও ভালোবাসায় সেই স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। সামনে আরও ভালো ও বড় পরিসরে কাজ করতে চান। এই যাত্রায় পরিবারের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। পরিবারের উৎসাহ ও অনুপ্রেরণাই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে নিজের পছন্দের পেশায় এগিয়ে যেতে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাহিদ জানান, দেশের তারকাদের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তার। বিশেষ করে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে সাজানোর স্বপ্ন দেখেন তিনি। এটিকে নিজের বড় অর্জনের একটি ধাপ হিসেবে মনে করেন নাহিদ।
স্বপ্ন, পরিশ্রম ও পরিবারের সমর্থনকে সঙ্গী করে মেকআপ দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছেন নাহিদ আহমেদ। তার বিশ্বাস, নিষ্ঠা ও ধৈর্য নিয়ে লেগে থাকলে একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ আসবেই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে