Views Bangladesh Logo

গুরুর মুখোমুখি শিষ্য, বিশ্বকাপ ফাইনালে অন্যরকম এক দ্বৈরথ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফাইনাল মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তারকা ফুটবলাররা। এবারের ফাইনালেও আর্জেন্টিনার লিওনেল মেসি ও স্পেনের লামিন ইয়ামালকে ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে মাঠের লড়াইয়ের আড়ালে আরও একটি আকর্ষণীয় দ্বৈরথ অপেক্ষা করছে; দুই কোচ লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তের কৌশলগত লড়াই।

এই লড়াইকে বিশেষ করে তুলেছে তাদের গুরু-শিষ্যের সম্পর্ক। আর্জেন্টিনার কোচ স্কালোনি খেলোয়াড়ি জীবনের বড় একটি সময় কাটিয়েছেন স্পেনে। দেপোর্তিভো লা করুনিয়ায় ২০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। পরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও লাৎসিওতে খেললেও কোচিংয়ের আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেন স্পেনেই।

২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর মাদ্রিদের লাস রোসাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নেন স্কালোনি। সে সময় স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা লুইস দে লা ফুয়েন্তে ওই কোর্সের অন্যতম প্রশিক্ষক ছিলেন। সেই সূত্রেই গড়ে ওঠে গুরু-শিষ্যের সম্পর্ক।

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর দে লা ফুয়েন্তেকে নিয়ে নিজের শ্রদ্ধার কথা প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, দে লা ফুয়েন্তের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। তিনি আমার কোচ ছিলেন। আমি তাকে খুবই সম্মান করি। স্পেন যেভাবে খেলছে, তার জন্য তাকে অভিনন্দন জানাই।

তবে ব্যক্তিগত শ্রদ্ধা মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলবে না বলেও স্পষ্ট করে দেন আর্জেন্টাইন কোচ। স্কালোনির ভাষায়, রোববার আমার খারাপ লাগবে, কারণ আমাদের তার বিপক্ষেই খেলতে হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব।

ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মেসি-ইয়ামালের ব্যক্তিগত লড়াইয়ের পাশাপাশি দুই কোচের কৌশল, পরিকল্পনা ও সিদ্ধান্তও ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গুরু নাকি শিষ্য; কার পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হবে, সেই উত্তর মিলবে বিশ্বকাপের মহারণেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ