বাগদাদে মার্কিন দূতাবাসে আবার হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আবারও হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) ভোরে এ হামলা চালানো হয় বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ভোরের দিকে দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলার ধরন বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কর্মকর্তারা আরও জানান, দূতাবাসে স্থাপিত সি-র্যাম (কাউন্টার রকেট, আর্টিলারি অ্যান্ড মর্টার) প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়নি। সাধারণত এই ব্যবস্থা লক্ষ্যবস্তুতে আসা রকেট বা মর্টার ধ্বংস করতে ব্যবহৃত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো প্রায়ই হামলার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ইরান-সমর্থিত মিলিশিয়াদের পক্ষ থেকে এসব স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা অতীতে একাধিকবার ঘটেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে