Views Bangladesh Logo

ইউক্রেনে রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত এবং প্রায় ৯০ জন আহত হয়েছেন। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

নিহতদের মধ্যে রাজধানী কিয়েভের চারজন রয়েছেন, যাদের মধ্যে একজন ১২ বছর বয়সী শিশু। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরে তিনজন নিহত হয়েছেন।

অন্যদিকে পাল্টা হামলায় রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৫ ও ১৪ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ।

অর্থোডক্স ইস্টার উপলক্ষে সপ্তাহান্তে স্বল্প সময়ের যুদ্ধবিরতির পর এই হামলার ঘটনা ঘটল। এ সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শতাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীর পডিলস্কি জেলায় একটি ১৬ তলা আবাসিক ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা এক মা ও তার শিশুকে জীবিত উদ্ধার করেন।

শহরের উত্তরাংশে দফায় দফায় গোলাবর্ষণে চারজন জরুরি চিকিৎসা কর্মীসহ অনেকে আহত হয়েছেন।

দিনিপ্রোতে হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে শহরের বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক।

খারকিভ শহরে ড্রোন হামলায় ৭৭ বছর বয়সী এক নারী ও ৬৬ বছর বয়সী এক পুরুষ আহত হয়েছেন।

এসব হামলাকে “যুদ্ধাপরাধ” উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, “এ ধরনের হামলাকে স্বাভাবিক হিসেবে নেওয়া যায় না। এগুলো বন্ধ করতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ