দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ফের সংঘর্ষ, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এমতাবস্থায় দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল তুলনামূলক শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া করার ঘটনাও ঘটে।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে আহত পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন দুজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবল।
পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একাংশ বিশৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এক পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয় পুলিশ। স্বেচ্ছাসেবকেরা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তাঁদের ভাষ্য, সহিংসতা আন্দোলনের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এদিকে নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে নগরবাসীর চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
ক্রমবর্ধমান এই উত্তেজনা এবং মেট্রো স্টেশন বন্ধসহ জনভোগান্তির প্রেক্ষাপটে দিল্লির পরিস্থিতি এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়েছে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যদিকে বিচার বিভাগের ভূমিকার দিকে নজর সবার। এখন সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনকারী অবস্থানের ওপরই নির্ভর করছে রাজধানীর এই সংকট কতটা দ্রুত প্রশমিত হবে।
মতামত দিন