Views Bangladesh Logo

বালোগানের লাল কার্ডে ১২ কোটি টাকার ফ্রি পিজ্জা!

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নকআউট পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। মাঠে দলের জন্য বড় ক্ষতির কারণ হলেও তার এই কার্ডই কপাল খুলে দিয়েছে দেশটির ফুটবল ভক্তদের। প্রতিশ্রুতি অনুযায়ী জনপ্রিয় পিজ্জা ব্র্যান্ড ডোমিনোজ এখন সমর্থকদের মধ্যে বিলিয়ে দিচ্ছে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) মূল্যের ‘ইমার্জেন্সি পিজ্জা’!

বিশ্বকাপ শুরুর আগেই ‘ইমার্জেন্সি পিজ্জাস ফর রেড কার্ড’ নামের এই প্রমোশনাল ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছিল ডোমিনোজ। শর্ত ছিল সহজ—বিশ্বকাপের কোনো ম্যাচে যুক্তরাষ্ট্র দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলেই নিবন্ধিত ভক্তদের মধ্য থেকে ভাগ্যবানরা পাবেন বিনামূল্যে পিজ্জা।

প্রচারণায় ডোমিনোজের ভাষ্য ছিল অনেকটা এমন—তারা মোটেও চায় না যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখুক; কিন্তু যদি দেখেই ফেলে, সেই কষ্ট খানিকটা হালকা করতে ফ্রি পিজ্জার চেয়ে ভালো আর কী হতে পারে!

গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো লাল কার্ড দেখেনি যুক্তরাষ্ট্র। কিন্তু নকআউটে এসেই ঘটে বিপত্তি। বুধবার (১ জুলাই) বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৬৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুটের আঘাত লাগায় ‘সিরিয়াস ফাউল প্লে’-র দায়ে বহিষ্কৃত হন বালোগান। মজার ব্যাপার, মাঠের রেফারি প্রথমে কোনো কার্ডই দেখাননি; ভিএআরের পরামর্শে মনিটরে রিভিউ দেখে সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস। এই কার্ডের খেসারতও কম নয়—শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন চলতি বিশ্বকাপে তিন গোল করা এই তারকা।

তবে বালোগানের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে ভক্তদের জন্য। ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে যারা প্রমোশনে নিবন্ধন করেছিলেন, তাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে সর্বোচ্চ ৬৩ হাজার ৩৭১ জনকে বেছে নেবে ডোমিনোজ। নির্বাচিতরা ইমেইলে পাবেন একটি মিডিয়াম টু-টপিং পিজ্জার ফ্রি কুপন। আর যাঁরা বাদ পড়বেন, তাদের জন্যও থাকছে সান্ত্বনা পুরস্কার—নির্দিষ্ট মেনু আইটেমে ২০ শতাংশ ছাড়ের কুপন।

দল ১০ জনে নেমে গেলেও শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে যুক্তরাষ্ট্র, জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। সব মিলিয়ে মার্কিন ভক্তদের জন্য দিনটি দাঁড়িয়েছে এমন—দলের জয়ের আনন্দ, সঙ্গে ফ্রি পিজ্জার স্বাদ!

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ