Views Bangladesh Logo

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর, মিলবে দৈনিক ভাতাও

দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। সংস্থাটির ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে টানা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ৫০ দিনের এই বিশেষ কোর্স। মোট ৫০টি ক্লাসে প্রতিদিন ছয় ঘণ্টা করে সর্বমোট ৩০০ ঘণ্টার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণের পর আবেদনকপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এরপর প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশের পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা বাবদ দৈনিক ২০০ টাকা দেওয়া হবে। এ ছাড়াও থাকবে খাবারের ব্যবস্থা এবং কোর্স শেষে তাদেরকে সনদপত্র প্রদান করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ