ফ্রান্সের মুখোমুখি সেনেগাল, ২০০২ সালের স্মৃতি ঘুরছে ফুটবলপ্রেমীদের মনে
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের পরাশক্তি ফ্রান্স ও আফ্রিকার অন্যতম সেরা দল সেনেগাল। নিউইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ফ্রান্স ও সেনেগালের লড়াই মানেই ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের কথা মনে পড়ে। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া সেনেগাল তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। সেদিন পাপা বুবা দিয়োপের করা একমাত্র গোলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে এখনও স্মরণীয় হয়ে আছে।
দুই যুগ পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ফলে ২০০২ সালের সেই স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে। সেনেগাল যদি আবারও ফ্রান্সকে হারাতে পারে, তবে সেটি হবে এবারের আসরের অন্যতম বড় চমক।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের দল এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। তার নেতৃত্বে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে ‘লে ব্লুজ’। দলের প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে। তাকে সহায়তা করবেন উসমান ডেম্বেলে, মাইকেল ওলিস, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ের মতো প্রতিভাবান ফুটবলাররা।
অন্যদিকে সেনেগালও অভিজ্ঞ ও তারকাবহুল দল নিয়ে মাঠে নামছে। সাদিও মানে, ইসমাইলা সার ও নিকোলাস জ্যাকসনের ওপর থাকবে গোল করার দায়িত্ব। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক কালিদু কুলিবালি।
ফুটবলপ্রেমীদের চোখ এখন নিউ জার্সির দিকে। দেখার বিষয়, ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করতে পারে, নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে চমক দেখাবে সেনেগাল।
সম্ভাব্য ফ্রান্স একাদশ: মাইক মেইনিয়াঁ, জুল কুন্দে, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, মাইকেল ওলিস, আন্তোয়ান গ্রিজমান, উসমান ডেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে।
সম্ভাব্য সেনেগাল একাদশ: এদুয়ার মেন্ডি, ইউসুফ সাবালি, কালিদু কুলিবালি, মুসা নিয়াকাতে, জ্যাকবস, ইদ্রিসা গেই, লামিন কামারা, পাপে মাতার সার, ইসমাইলা সার, সাদিও মানে ও নিকোলাস জ্যাকসন।
মতামত দিন