ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্স-ব্রিটেন-কানাডার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছেন কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা।
মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এই তিন দেশ ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে—যদি গাজায় আক্রমণ অব্যাহত থাকে, তবে তারা "জোরালো পদক্ষেপ" গ্রহণ করবে, যার মধ্যে নিষেধাজ্ঞাও থাকতে পারে।
এদিকে, গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে বিশ্বের ২২টি দেশ ইসরায়েলকে অবরুদ্ধ এলাকায় ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছে। তবে এসব আন্তর্জাতিক আহ্বানে কোনো গুরুত্ব দিচ্ছে না তেল আবিব। বরং গাজা দখলের লক্ষ্যে উপত্যকাজুড়ে চালিয়ে যাচ্ছে সহিংস অভিযান।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে মানবিক সহায়তার আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং হামলা আরও জোরদার করবেন বলে জানিয়েছেন। তার ঘোষণায় স্পষ্ট, ইসরায়েল এখন গাজা ভূখণ্ডের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনায় অটল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে