Views Bangladesh Logo

১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো

 VB  Desk

ভিবি ডেস্ক


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর ঢাকা সফরে আসছেন।


মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এরপর একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন দুই নেতা।


এ ছাড়া ফরাসি প্রেসিডেন্টের সম্মানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোজসভায় যোগ দেবেন এমানুয়েল মাঁখো।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বন্দর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।


এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ফেসবুক ও এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। তারপর তিনি ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।


দূতাবাসের বিবৃতিতে আরও জানানো হয়, ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অংশীদারত্ব বহুমুখী করার সুযোগ তৈরি হবে। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলা, মানবিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে নিয়মিত বন্যার ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।


এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশ সফরে এসেছিলেন। এরপর এই প্রথম ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে এমানুয়েল মাখোঁ ঢাকা সফরে আসছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ