জন্মহার বাড়াতে মা-বাবার জন্য বাড়তি বেতনসহ ছুটির ব্যবস্থা চালু করল ফ্রান্স
জন্মহার বৃদ্ধির লক্ষ্যে মা ও বাবা—উভয়ের জন্য নতুন ধরনের বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়া এ ব্যবস্থার আওতায় অতিরিক্ত ছুটির সময়ও তারা বেতন পাবেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন প্রথম সন্তানের ক্ষেত্রে ফ্রান্সে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, সন্তানের জন্মের পর বাবারা পেতেন ২৮ দিনের ছুটি।
নতুন আইনে বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা নিজেদের মধ্যে অতিরিক্ত এক বা দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। এ অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ হারে ভাতা পাবেন।
নতুন আইনটি ২০২৬ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাশাপাশি, শিশু দত্তক নেওয়া অভিভাবকরাও একই সুবিধা পাবেন।
শুধু ফ্রান্স নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়েই জন্মহার কমে যাওয়ায় বিষয়টি নীতিনির্ধারকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে জন্মহার বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এর আগেও ২০২৪ সালে জন্মহার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।
তবে দেশটির নারীবাদী সংগঠনগুলো বলছে, নতুন এই সংস্কার যথেষ্ট নয় এবং এটি লিঙ্গসমতা নিশ্চিত করতে তেমন কার্যকর হবে না। তাদের মতে, অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা তুলনামূলক কম আয় করা সঙ্গীরই বেশি থাকে। আর ফ্রান্সের বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রেই নারীদের আয় পুরুষদের তুলনায় কম।
মতামত দিন