Views Bangladesh Logo

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

গাজা অভিমুখী ত্রাণবাহী বহর ফ্লোটিলার আটক কর্মীদের প্রতি ‘নিন্দনীয় আচরণের’ অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণা দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট।

এক বিবৃতিতে বারোট বলেন, ‘এই ফ্লোটিলার পদ্ধতির সঙ্গে আমরা একমত নই। এটি কোনও কার্যকর ফল বয়ে আনছে না এবং কূটনৈতিক ও কনস্যুলার সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তবে ফরাসি নাগরিকদের এভাবে হুমকি দেওয়া, ভয়ভীতি দেখানো বা নির্যাতন করা আমরা মেনে নিতে পারি না, বিশেষ করে কোনও সরকারি কর্মকর্তার মাধ্যমে।’

বারোট জানান, বেন গভিরের কর্মকাণ্ড ইতোমধ্যে ইসরায়েলের বহু রাজনৈতিক ব্যক্তিত্বও নিন্দা করেছেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতায় উসকানি দেওয়া তার দীর্ঘ বক্তব্য ও কর্মকাণ্ডের ধারাবাহিকতা এটি।’ একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিও বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

এদিকে গত মঙ্গলবার গাজার ওপর অবরোধ ভাঙতে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাওয়ার চেষ্টা করা ৫০টি জাহাজের বহরে অভিযান চালিয়ে ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরদিন বুধবার বেন গভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে থাকা কর্মীদের বিদ্রূপ করতে দেখা যায়।

ফ্লোটিলা আয়োজকদের অভিযোগ, আটক কর্মীদের ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হতে হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে এবং অন্তত ১৫ জন যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, যার মধ্যে ধর্ষণের অভিযোগও রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ