ওলিসের ‘বিতর্কিত’ হলুদ কার্ড বাতিল চেয়ে ফিফার দ্বারস্থ ফ্রান্স
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো বিতর্কিত হলুদ কার্ড বাতিলের দাবিতে ফিফার কাছে আপিল করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে খবরটি জানিয়েছে ইএসপিএন।
বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচের ফল ছাপিয়ে বিতর্ক দানা বাঁধে ওলিসের হলুদ কার্ড দেখার ঘটনায়।
ম্যাচে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন ওলিসে। একপর্যায়ে গালারজা মাটিতে পড়ে মুখ চেপে ধরেন। যদিও ভিডিও রিপ্লেতে দেখা যায়, ধস্তাধস্তির সময় ওলিসে মূলত গালারজার জার্সি টেনে ধরেছিলেন; মুখে আঘাত করার স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি।
ম্যাচ শেষেই ফ্রান্স দলের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছিল, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এফএফএফ। সেই অনুযায়ী ফিফার কাছে আবেদন করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওলিসের হলুদ কার্ড বাতিল হওয়া ফ্রান্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় মরক্কোর মুখোমুখি হবে ফরাসিরা। সে ম্যাচে আবার হলুদ কার্ড দেখলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বেন ওলিসে, যা বিশ্বকাপের শেষ দিকে এসে ফ্রান্সের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
ফ্রান্সের এই আপিলের পেছনে প্রভাব ফেলেছে ফিফার সাম্প্রতিক একটি সিদ্ধান্তও। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের পাওয়া লাল কার্ডের শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছিল ফিফা। তাতে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার সুযোগ পান এই ফরোয়ার্ড।
বালোগুনের শাস্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে অবশ্য ফুটবল অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে শাস্তি স্থগিত করায় বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এদিকে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখা ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কোয়ানসাহর বিষয়েও আপিলের কথা ভাবছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে তারাও।
মতামত দিন