ফক্স স্পোর্টসে অবিশ্বাস্য অফার: বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
ফুটবলপ্রেমীদের জন্য অবিশ্বাস্য এক চাকরির সুযোগ নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের জনপ্রিয় চাকরি প্ল্যাটফর্ম ইনডিড-এর সঙ্গে যৌথভাবে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামে বিশেষ একটি পদের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই চাকরিতে নির্বাচিত ব্যক্তি পাবেন ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান। আর তার মূল দায়িত্ব হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা। ২০২৬ বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, নির্বাচিত ব্যক্তিকে ম্যাচগুলো দেখতে হবে টাইমস স্কয়ারে তৈরি বিশেষ কাচঘেরা গ্লাস কিউব থেকে। ফক্সের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ বসেই তিনি পুরো টুর্নামেন্ট উপভোগ করবেন। আয়োজকরা এ সেটআপের নাম দিয়েছে ‘ড্রিম ভিউয়িং স্পেস’।
রবার্ট গটলিব বলেন, এ বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। তাই আমরা এমন একজন ভক্ত খুঁজছি, যিনি প্রতিটি গল্প, প্রতিটি দেশ এবং প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উদযাপন করবেন। শুধু ম্যাচ দেখা নয়, নির্বাচিত ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় থাকতে হবে। বিশ্বকাপ ঘিরে বিভিন্ন ওয়াচ পার্টি, ফ্যান এনগেজমেন্ট কনটেন্ট এবং লাইভ অভিজ্ঞতা শেয়ার করে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে হবে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে।
জেমস হোয়াইটমোর বলেন, মানুষকে দ্রুত চাকরি খুঁজে দিতে এবং নিয়োগদাতাদের উপযুক্ত কর্মী পেতে সহায়তা করাই আমাদের কাজ। ফক্স স্পোর্টসের সঙ্গে এ অংশীদারিত্ব সে লক্ষ্যকে নতুন মাত্রা দিয়েছে।
এ পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের নিজেদের ইনডিড প্রোফাইল তৈরি বা হালনাগাদ করতে হবে। পাশাপাশি একটি ছোট ভিডিও জমা দিতে হবে, যেখানে ব্যাখ্যা করতে হবে কেনো তিনিই এ চাকরির জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।
আগামী ১৭ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্বাচিত ব্যক্তি কাজ শুরু করবেন বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে, অর্থাৎ ৬ জুন থেকে। দায়িত্ব শেষ হবে ২৬ জুলাই, টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর। তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে ফক্স-এর নিউইয়র্ক ইয়ানকিস বনাম বোস্টন রেড সক্স বেসবল সম্প্রচারের সময়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে