শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং হুমায়ুন কবির। নতুন মন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাতকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক। শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মতামত দিন