ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৩৩ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ২৪ জন। এ ছাড়া জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে—২৩৫ জন। এরপর চট্টগ্রামে ১৯৮, বরিশালে ১৫৩, রাজশাহীতে ৯৯, রংপুরে ৩৬ ও সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮২৩ জন। তাদের মধ্যে ৪০ হাজার ৬১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
মতামত দিন