হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩১৮
দেশে শিশুদের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত অসুস্থতা এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৩। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩১৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ৫০৯ শিশুর মধ্যে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪৬৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ শিশুর। আক্রান্ত ও সন্দেহভাজনদের মধ্যে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
মতামত দিন