এক রাতে চার যুদ্ধ, নজরে কানাডা-সুইজারল্যান্ড ও ব্রাজিল-স্কটল্যান্ড
২০২৬ ফিফা বিশ্বকাপে আজ রাতে একসাথে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দুটি এবং ভোর ৪টায় আরও দুটি ম্যাচ। গ্রুপ পর্বের এই চার লড়াইয়ে একাধিক দলের নকআউটের ভাগ্য নির্ধারিত হতে পারে।
রাত ১টায় বি-গ্রুপে ভ্যাঙ্কুভারে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও স্বাগতিক কানাডা। দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে থাকা কানাডার জন্য একটি ড্রই যথেষ্ট গ্রুপ চ্যাম্পিয়ন হতে। অন্যদিকে সুইজারল্যান্ডকে জিততেই হবে।
একই সময়ে বি-গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে বসনিয়া ও কাতার। ইতোমধ্যে গ্রুপের দুই ম্যাচেই হেরে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা কাতারের বিপক্ষে জয় পেলে বসনিয়া নকআউটের দৌড়ে টিকে থাকবে।
ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সি-গ্রুপে স্কটল্যান্ডের মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিল। নকআউটে যেতে স্কটল্যান্ডের অন্তত এক পয়েন্ট দরকার। তবে ম্যাচটি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি করেছে আবহাওয়া- ওই সময় তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় ম্যাচ বিলম্ব বা মাঝপথে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ইনজুরি কাটিয়ে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
একই সময়ে সি-গ্রুপের অপর ম্যাচে মরক্কো মুখোমুখি হবে হাইতির। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মরক্কো জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে যাবে। আজ রাতের চার ম্যাচেই উত্তেজনার কমতি নেই। মাঠের লড়াইয়ের পাশাপাশি আবহাওয়ার খেলাও দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
মতামত দিন