Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত বহু

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) সকালে বেকাসি তিমুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনকে পেছন থেকে একটি দূরপাল্লার ট্রেন ধাক্কা দেয়। এতে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী ভেতরে আটকা পড়েন।

রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর কেএআই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার মুখপাত্র অ্যান পুরবা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ৩৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ইন্দোনেশিয়ার সংসদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাকার্তা পুলিশ প্রধান ইনস্পেক্টর জেনারেল আসেপ এদি সুহেরি জানিয়েছেন, এখনো ছয় থেকে সাতজন যাত্রী ট্রেনের ভেতরে আটকা পড়ে আছেন।

কর্মকর্তারা জানান, আটকে পড়া যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর থেকে যাত্রীদের বের করার চেষ্টা করছেন।

ইন্দোনেশিয়ার গণপরিবহন ব্যবস্থায় দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। পুরোনো অবকাঠামো ও দুর্বল রক্ষণাবেক্ষণকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। এর আগে গত বছরের জানুয়ারিতেও সিকালেংকা এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ