Views Bangladesh Logo

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ নেতা বহিষ্কার

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৪ জুন) রাতে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘটনার পরপরই জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্রীয় ও মহানগরী পর্যায় থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তাৎক্ষণিকভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং ঘটনার দায় নির্ধারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ