মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনের উপায় খুঁজতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান টেলিভিশন (পিটিভি) সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের হাকান ফিদান, মিসরের বদর আবদেল আতি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে মন্ত্রণালয়ে অভ্যর্থনা জানাচ্ছেন।
কর্মকর্তারা জানান, বৈঠকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শীর্ষ কূটনীতিকরা।
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় বলে জানানো হয়েছে।
এদিকে বৈঠকের একদিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে