Views Bangladesh Logo

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসার সময় তিন নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালবেলা প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর সড়ক দিক থেকে ৩২ নম্বরের দিকে এগিয়ে আসে। মিছিলটি ৩২ নম্বর এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় তাদের মধ্যে চারজনকে আটক করে কলাবাগান থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, আটক ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরে আসছিলেন। সেখান থেকে চারজনকে আটক করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে অতীতে এই দিনে বিভিন্ন কর্মসূচি পালিত হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি ভিন্ন হয়ে উঠেছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালিত হলেও সাম্প্রতিক সময়ে তা অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ কয়েকটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে দলটির প্রকাশ্য কর্মসূচি প্রায় বন্ধ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ