সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু গ্রেপ্তার
সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সরকারি পদে অসদাচরণের অভিযোগের কারণে তাঁকে নরফোক শহর থেকে ধরা হয়। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ষাটোর্ধ্ব একজন ব্যক্তিকে তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নীতিমালার কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিশ সাবেক যুবরাজকে গ্রেপ্তার করেছে। নরফোকের রাজকীয় স্যান্ডরিংহাম এস্টেটে পুলিশকে একজন ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার ছবিও দেখা গেছে। বৃহস্পতিবার অ্যান্ড্রুর ৬৬তম জন্মদিন।
অ্যান্ড্রুর নাম কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত বিভিন্ন ফাইলে এসেছে। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে, অ্যান্ড্রু মেঝেতে শুয়ে থাকা চার নারীর ওপর হাঁটু গেড়ে বসে আছেন।
গত বছরের অক্টোবরে রাজা তৃতীয় চার্লস অ্যান্ড্রুর রাজকীয় পদবি ও সম্মাননা বাতিল করেছিলেন। তবে এখনও তিনি প্রিন্স অ্যান্ড্রু নামে পরিচিত। মৃত্যুর আগে ভার্জিনিয়া জুফ্রে অভিযোগ করেছিলেন, তাঁকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তিনবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল, যার মধ্যে দুটি ঘটনা তাঁর ১৭ বছর বয়সে ঘটে।
বিবিসির বিশেষ সংবাদদাতা লুসি ম্যানিং জানান, এপস্টেইন ফাইল সংক্রান্ত এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের বিরুদ্ধে সরকারি পদে অসদাচরণের অভিযোগ মূলত এপস্টেইনের নথি সম্পর্কিত। তিনি বাণিজ্য দূত থাকার সময়ে কিছু নথি এপস্টেইনের কাছে হস্তান্তর করেছিলেন।
অ্যান্ড্রুর বিরুদ্ধে অসদাচরণের পাশাপাশি এক নারীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। তবে সাবেক যুবরাজ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে