সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০'র বেশি দলিল ও চেক জব্দ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বনানীর ইকবাল সেন্টারের কার্যালয়ে চার দিন অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান শেষে তার চেম্বার ও একটি পরিচালক কক্ষ সিলগালা করা হয়েছে। তবে পুরো ইকবাল সেন্টার সিলগালা করা হয়নি।
দুদক সূত্র জানায়, অভিযানে ইকবালের সম্পদ সংক্রান্ত ৩০০টির বেশি দলিল, ৫০০ থেকে ৬০০টির বেশি চেকবই, সাতটি ইলেকট্রনিক ডিভাইস, এফডিআর ও স্থায়ী আমানতের নথি এবং প্রায় দেড় লাখ টাকা নগদ জব্দ করা হয়েছে। জব্দ করা সম্পত্তির দলিলের তালিকাই প্রায় ৩৭ পৃষ্ঠা হয়েছে। সাতটি ডিভাইসের মধ্যে রয়েছে ম্যাকবুক, কয়েকটি মোবাইল ফোন, নেক্সাস ট্যাব ও আইপ্যাড। এসবের কয়েকটি ইকবালের ছেলেরা ব্যবহার করতেন বলে জানিয়েছে দুদক।
ইকবাল ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচার, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি এবং কর ও শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। একই সময়ে প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার, প্রধান আর্থিক কর্মকর্তা মিজানুর রহমান ও মহাব্যবস্থাপক এ ডি এম নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক।
দুদকের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার গ্রুপের অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত ১৬টি মামলা হয়েছে। আরও পাঁচটি মামলার সুপারিশসহ প্রতিবেদন জমা রয়েছে। তবে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ শূন্য থাকায় সেগুলোর অনুমোদন হয়নি। নতুন কমিশন গঠনের পর অনুমোদন পেলে ওই মামলাগুলো করা হবে।
মতামত দিন