১০০ বছর বয়সে মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহর মৃত্যু
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও জনস্বাস্থ্যকর্মী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার ১০০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। মাহাথিরের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সিতি হাসমাহর জানাজা ও দাফন সোমবার সন্ধ্যায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার একটি মুসলিম কবরস্থানে হওয়ার কথা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
সিতি হাসমাহর মৃত্যুতে শোক জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। এক বিবৃতিতে তিনি বলেন, মালয়েশিয়া তাঁর ‘মাতৃসুলভ ব্যক্তিত্ব’ এবং জনসেবায় তাঁর অবদান ও সেবাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সিতি হাসমাহর স্বামী মাহাথির মোহাম্মদের বয়স এখন ১০১ বছর। তিনি দুই দফায় মোট দুই দশকেরও বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এ সময় তাঁর নেতৃত্বে দেশটিতে দ্রুত শিল্পায়ন ঘটে এবং মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়।
২০১৮ সালে রাজনীতিতে ফিরে এসে ৯২ বছর বয়সে আবার প্রধানমন্ত্রী হন মাহাথির। তখন তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রী হন। তাঁর দ্বিতীয় মেয়াদ অবশ্য দুই বছরেরও কম সময় স্থায়ী হয় এবং ২০২০ সালে জোট ভেঙে যাওয়ার পর তিনি পদ ছাড়েন।
সিঙ্গাপুরে মেডিকেল পড়ার সময় ১৯৪০-এর দশকের শেষ দিকে মাহাথিরের সঙ্গে সিতি হাসমাহর পরিচয় হয়। ১৯৫৬ সালে তাঁদের বিয়ে হয়। চলতি বছরের আগস্টে তাঁদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়। তাঁদের সাত সন্তান রয়েছে। তাঁদের মধ্যে ব্যবসায়ী মোখজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির ও রাজনীতিক মুখরিজ মাহাথির উল্লেখযোগ্য।
সিতি হাসমাহ নিজেও জনস্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে প্রথম নারী মেডিকেল কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। পরে মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও অন্যান্য সামাজিক বিষয়ে কাজ করেন।
মতামত দিন