Views Bangladesh Logo

রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে।

সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার জগলুল পাশাকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন। পরে ওইদিন শুনানি শেষে জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ আসামি এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জন অস্ত্রশস্ত্র নিয়ে খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান করেন। তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মারধর এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং খালেদা জিয়ার সমাবেশে যোগ দেওয়ার পথও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকালে কর্মসূচিতে যোগ দিতে খালেদা জিয়া সফরসঙ্গীদের নিয়ে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে তার পথ আটকে দেওয়া হয়। এ সময় রাস্তার বিভিন্ন স্থানে বালুভর্তি ট্রাকসহ একাধিক ট্রাক রেখে ব্যারিকেড তৈরি করা হয়। খালেদা জিয়া বারবার বের হওয়ার চেষ্টা করলেও বাধার মুখে পড়েন। একপর্যায়ে তাকে ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের লক্ষ্য করে নিষিদ্ধ পেপার স্প্রে প্রয়োগ করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। মামলায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, প্রতিবন্ধকতা সৃষ্টি ও অন্যান্য অভিযোগ আনা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ