ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক
রাজধানীর মোহাম্মদপুরে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক।
তার সন্ধান চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী চিকিৎসক কল্পনা হালদার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন দুলাল কান্তি। ওই দিন রাত ১০টা পর্যন্ত তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজখবর শুরু করেন। তবে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য, দুলাল কান্তি ভৌমিক এলাকার পরিচিত বাসিন্দা। আশপাশের সড়ক ও স্থান সম্পর্কে তার ভালো ধারণা থাকায় পথ হারিয়ে নিখোঁজ হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তারা। এ ছাড়া পরিবারের জানা মতে, কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই।
দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ। তার সন্ধানে একাধিক দল কাজ করছে। পাশাপাশি বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ওসি আরও জানান, নিখোঁজ হওয়ার সময় দুলাল কান্তি ভৌমিকের সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। এ কারণে তার চলাচল ও অবস্থান সম্পর্কে তথ্য পেতে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ।
মতামত দিন