সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে আব্দুল হাই স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। পরে মুন্সিগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আব্দুল হাই বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তাঁর যাত্রা শুরু হয়।
১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আব্দুল হাই। পরের বছর ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
মতামত দিন