Views Bangladesh Logo

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

দুর্নীতির মামলায় অভিযুক্ত বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাঁর সম্পদের বিষয়ে অনুসন্ধানের পর মামলাটি করা হয়। এরপর তাঁর সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং অনুসন্ধান ও তদন্তের প্রয়োজনে বিভিন্ন নথিপত্র জব্দের উদ্যোগ নেয় সংস্থাটি।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মে ঢাকার একটি আদালত শেখ আব্দুল হান্নানের নামে থাকা জমি, তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন এবং ছয়টি ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দেন। পরে ২৪ মে তাঁর, তাঁর স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে লেনদেন বন্ধ রাখা এবং সম্পদ হস্তান্তর ঠেকাতে আদালতের আদেশ চেয়েছিল দুদক।

এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন মৌজায় শেখ আব্দুল হান্নানের নামে থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। জমিটির দলিলমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করে সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের সঙ্গে শেখ আব্দুল হান্নান জড়িত। দেশে-বিদেশে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এসব অভিযোগের তদন্ত চলছে।

শেখ আব্দুল হান্নান ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ