আলু, পেঁয়াজ ও ডিমের দাম নিয়ন্ত্রণে রুল জারি
আলু, পেঁয়াজ ও ডিমসহ কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি সচিব, বাণিজ্য সচিব, অর্থ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ রোববার(২৮ ) এ রুল জারি করেন। একই সঙ্গে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আদেশের বিষয়ে রিটকারী আইনজীবী ভিউজ বাংলাদেশকে, আলু-পেঁয়াজের মতো কৃষিপণ্যের অবৈধভাবে দাম বাড়ানোর কারসাজি খুঁজে বের করেত উচ্চক্ষমতা সম্পন্ন একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্য সচিবকে এ নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থের এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুলসহ এ আদেশ দেন। রুলে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি, অবৈধ এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ৪(ছ) ধারা অনুসারে সরকারি ব্যবস্থাপনায় সারাদেশে কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার কাঠামো, গুদাম, হিমাগার, কুলচেম্বার তৈরির ব্যর্থতা কেন অবৈধ এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার কাঠামো তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল চাওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে