Views Bangladesh Logo

আলোচনায় থাকবে 'গঙ্গা পানিবণ্টন চুক্তি' নবায়ন

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রায় দেড় বছরের টানাপোড়েন পেরিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সূচনার লক্ষ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিন দিনের এই সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ, সীমান্ত হত্যা ও ভারতে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যর্পণসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হবে।

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে এই সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। এটিকে কূটনৈতিক মহল ‘শুভেচ্ছা সফর’ হিসেবে অভিহিত করলেও, সংশ্লিষ্টরা বলছেন, এই সফরের মাধ্যমেই দুই দেশের সম্পর্কের নতুন দিকনির্দেশনা ঠিক হবে।

যাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দিল্লিতে পৌঁছে আজ সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও, একইদিন তিনি বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটি প্রথম ভারত সফর।

গঙ্গা চুক্তি নবায়ন আলোচনায় প্রাধান্য পাবে
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি সই হয়। আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই সফরে চুক্তি নবায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে থাকবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদী রয়েছে। এর মধ্যে গঙ্গা অন্যতম, আর গঙ্গা চুক্তিও বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাই এর নবায়ন নিয়ে আলোচনা জরুরি।’ এছাড়া তিস্তাসহ অন্যান্য নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্পর্ক ‘রিস্টার্টের’ উদ্যোগ
গত বছরের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক চরম টানাপোড়েনের মুখে পড়ে। অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে ফেরত চাওয়া, সীমান্ত হত্যা ও সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি বিবৃতি ও একাধিকবার কূটনীতিক তলবের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমে ‘মিথ্যা ও অতিরঞ্জিত প্রচারণার’ অভিযোগ তোলে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে, জুলাই অভ্যুত্থানের পর দুদেশের সম্পর্ক থমকে গিয়েছিল। আমরা সেখান থেকে সম্পর্কটাকে রিস্টার্ট দিতে চাই। পারস্পরিক মঙ্গলের কথা মাথায় রেখে আমরা কাজ করতে চাই।’

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘হার্ড ডিটেইল ডিসকাশন আগামীতে আরও হবে। এটা হচ্ছে শুরুটা যে, “আসুন আমরা সংলাপের পথটা খুলি”।’

ভারতে থাকা অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ও থাকছে আলোচনায়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, এই সফরে ভারতে অবস্থানরত বাংলাদেশি অপরাধীদের প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় আসতে পারে। তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদি হত্যা হামলার আসামীদের ভারত প্রত্যর্পণ করবে বলে আমাদের বিশ্বাস। তবে এক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে।’

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ সেখানে রয়েছেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বিগত সরকারের সময়ে আমরা চিঠি দিয়েছি। এটা আমরা আবার তাদেরকে বলব।’

ভিসা ও বাণিজ্য সহযোগিতা
সফরে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা ও বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ও আলোচনায় আসতে পারে। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগ খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ঢাকায় এসে জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৭ ফেব্রুয়ারি বিএনপির নতুন সরকারের অভিষেকে যোগ দেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। এসব ঘটনা দুদেশের সম্পর্কে ইতিবাচক ধারা ফিরিয়ে আনে।

এই প্রেক্ষাপটেই আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিল্লিতে বৈঠক শেষে ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশে রওনা হবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ